শাহরাস্তি ও হাজীগঞ্জে ৪৫ টি বাজারে খাজনা বন্ধের ঘোষণা : মমিনুল হক এমপি

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর-৫ সংসদীয় আসনের দু উপজেলার ৪৫ টি বাজারে খাজনা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ইঞ্জি : মমিনুল হক এমপি। পহেলা বৈশাখ সকালে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে আয়োজিত বৈশাখী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা রক্ষায় আমি কাউকে ছাড় দেবো না। প্রান্তিক চাষীদের কথা চিন্তা করে আমার সংসদীয় আসনের প্রতিটি বাজারে আজ থেকে খাজনা আদায় বন্ধ থাকবে। আমার দলের নেতাকর্মীরা ইতোমধ্যেই সরকারের কোষাগারে রাজস্ব জমা দিয়েছে। তিনি বলেন, আগামীতে প্রতিটি বাজারে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। আমাদের দলের কেউ বাজার কমিটির নির্বাচনে অংশ না নিলে আমি খুশি হবো। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমি চাই প্রতিটা নাগরিক তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করুক। খাজনা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি তিনি দু উপজেলার বেশ ক’টি বাজারে সমাবেশের মাধ্যমে জনগণের কাছে এ বার্তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম প্রমুখ।

সম্পর্কিত খবর