
ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে এক সাধারণ অভিযোগকে কেন্দ্র করে পুলিশের ধাওয়ায় গুরুতর আহত হয়েছেন এক নৈশ প্রহরী। ঘটনাটি নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া। আহত তারেক আজিজ, তিনি ৬ নম্বর গুপটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাউতলি গ্রামের বাসিন্দা।
তিনি লতিফগঞ্জ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাড়ির এক ব্যক্তির সাথে তারেকের তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এক এ এস আই রাতে মাদ্রাসায় যান। তিনি দরজা খোলার জন্য ডাক দিলে, ভেতর থেকে তারেকের সাথে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। তখন এক কনস্টেবল দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় তারেক পালানোর চেষ্টা করলে তিনি গুরুতরভাবে আহত হন। বিশেষ করে তার হাতে গুরুতর জখম হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি সাধারণ অভিযোগের তদন্ত করতে গিয়েই এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যদিও এই ধরনের অভিযোগ সাধারণত দিনের বেলায় তদন্ত করার নিয়ম রয়েছে, তবে তা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে পুরো বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।




