বর্ষবরণে সংগীত নিকেতনে গান গেয়ে দর্শকদের মন জয় করলেন জেলা প্রশাসক

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের প্রথম এবং শুদ্ধ সাংস্কৃতিক চর্চার সংগঠন সংগীত নিকেতনে বাংলা নববর্ষে গান গেয়ে উপস্থিত দর্শকদের মন জয় করলেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

মঙ্গলবার সকাল সাতটায় সংগীত নিকেতনের নিজস্ব কার্যালয়ে শুরু হয়, বর্ষবরণের আয়োজন। এতে গান, নৃত্য, কবিতা আবৃত্তি ছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সংগীত নিকেতনের সভাপতি, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বাংলা নববর্ষ উদযাপনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এসময় তিনি বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চার বাইরে বিকল্প অন্য আর কিছু নেই। যেমন রয়েছে, আবহমান বাংলার চিরায়ত রূপ এবং সম্প্রীতির অটুট বন্ধন। তেমনই তা বজায় রেখেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তার জন্য শুভবুদ্ধির মানুষেরা এগিয়ে আসতে হবে। যেমনটি বাংলা নববর্ষের এমন আয়োজনে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে।
এসময় ইলিশের বাড়ি হিসেবে খ্যাত চাঁদপুরের নানা দিক আর সাংস্কৃতিক চর্চার ঐতিহ্য নিয়ে প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগীত নিকেতনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা সজীব, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাজিদ হক।

সংগীত প্রশিক্ষক বিমল দে’র উপস্থাপনায় এতে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন, সংগীত নিকেতনের অধ্যক্ষ বিচিত্রা সাহা।

পুরো আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন, সংগীত নিকেতনের বিভিন্ন বিভাগের প্রশিক্ষক অমল সেনগুপ্ত, বাবুল চক্রবর্তী, দীপক চক্রবর্তী, শংকর আচার্য্য, আভা শংকর অপু, রিয়া চক্রবর্তী, মনির হোসেন মান্না ও পলাশ সেনগুপ্ত।

এদিকে, মঙ্গলবার ভোর সাতটা থেকে শুরু করে সংগীত নিকেতনের বর্ণাঢ্য এই আয়োজন চলে দুপুর একটা পর্যন্ত। এরমধ্যে সকালে জেলা প্রশাসন আয়োজিত নববর্ষের বর্নিল শোভাযাত্রা এবং সংগীতানুষ্ঠানে অংশ নেন সংগীত নিকেতনের শিল্পী ও কলাকৌশলীরা।

সম্পর্কিত খবর