
স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ জি এম ফজলুল হকের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১ টার সময় চাঁদপুর শহরের বাবুরহাট কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানকার বাড়ির মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। এর পূর্বে তাঁর প্রথম জানাজা গতকাল বুধবার (১৮ মার্চ ২০২৬) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
জি এম ফজলুল হক মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দু ছেলে দু মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জি এম ফজলুল হক ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত ৭ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং শিল্প-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বাংলাদেশ সংবাদ জিএম ফজলুল হকের নিজ বাড়ি চাঁদপুর শহরতলীর বাবুরহাট সংলগ্ন আশিকাটি ইউনিয়নে। পৈত্রিক বাড়ি সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে।
তিনি জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ছিলেন।




