
মহসিন হোসাইন : চাঁদপুর শহরে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের ঘোলঘর পাকা মসজিদ এলাকার বাসিন্দা ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মহসিন হোসাইন (৩২) জানান, তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের বিভিন্ন সংবাদ সংগ্রহ করে পত্রিকায় প্রকাশ করে আসছেন। এরই ধারাবাহিকতায় একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় সিয়াম হোসেন (২০) ছাত্রলীগ কর্মী তার উপর অতর্কিত হামলা চালায়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়্যারলেস কাঁচা বাজার এলাকায় গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা সিয়াম হোসেন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে কিল, ঘুষি ও লাথি মারলে তিনি আহত হন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে হামলার পর অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন ওই সাংবাদিক। এতে তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।
চাঁদপুর সদর মডেল থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।




