
সাইদ হোসেন অপু চৌধুরী : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “নারীর রাজনৈতিক অংশগ্রহণে ডিজিটাল সহিংসতা: চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে চাঁদপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)।
বুধবার (১১ মার্চ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় “সব নারী ও মেয়ের জন্য: অধিকার, ন্যায়বিচার ও ক্ষমতায়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ ও এনসিপি’র নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় নারী রাজনীতিকদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) এর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে নারী নেত্রীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে উৎসাহিত করা, অনলাইন সহিংসতা ও নারী অংশগ্রহণের সম্পর্ক তুলে ধরা এবং রাজনৈতিক দল, গণমাধ্যম ও প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া খাতুন, এমএএফ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, পিপি অ্যাডভোকেট কোহিনুর রশিদ, চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রহিমা বেগম, চাঁদপুর জেলা শ্রমিক কল্যাণ মহিলা জামায়াতের সেক্রেটারি ফাতেমা বেগম এবং দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আকবর হোসেন চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন এমএএফ চাঁদপুরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
এমএএফ-এর সহ-সভাপতি ও জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট মুনিরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমএএফ-এর কোষাধ্যক্ষ নাহিদা সুলতানা সেতু। ইয়াং ফেলো ও গণঅধিকার পরিষদের সেক্রেটারি মো. মাহমুদুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নারীদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী; তাই নারী-পুরুষ সমানভাবে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।
উল্লেখ্য, যুক্তরাজ্যের এফসিডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত বি-স্পেস প্রকল্প এ আয়োজনকে সহায়তা প্রদান করে।




