হাজীগঞ্জ-শাহরাস্তির ৮০টি বাজারে ইজারা বাবদ কোনো রাজস্ব দিতে হবে না : ইঞ্জি. মমিনুল হক

মহসিন হোসাইন : চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) সংসদীয় আসনের বিভিন্ন (৮০টি ) হাটবাজারে ইজারা বাবদ কোনো রাজস্ব সাধারণ মানুষকে দিতে হবে না। এসব বাজারের সরকারি রাজস্ব নিজ উদ্যোগে পরিশোধ করবেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। রবিবার (৮ মার্চ) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চাঁদপুর জেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন হাটবাজারে ইজারা নিয়ে সাধারণ গরিব ও অসহায় মানুষের কাছ থেকে রাজস্ব আদায় নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। তাই তার সংসদীয় এলাকায় যেসব বাজার ইজারার আওতায় রয়েছে, সেখানে আগামীতে কোনো প্রকার রাজস্ব সাধারণ মানুষের কাছ থেকে আদায় করতে দেওয়া হবে না। সব হাটবাজারের সরকারি রাজস্ব তিনি নিজেই পরিশোধ করবেন বলে জানান। সভায় তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর তিনি জনগণের সঙ্গে বন্ধুর মতো কাজ করতে চান। জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছেন, তাই মানুষের সেবাই হবে তাদের প্রধান লক্ষ্য।

তিনি জানান, দীর্ঘ ১৭ বছর রাজনীতির বিভিন্ন কারণে পুলিশের সঙ্গে যোগাযোগ থাকলেও সংসদ সদস্য হওয়ার পর ব্যক্তিগত কোনো কাজে পুলিশ ব্যবহার করেননি। সংবিধানের বিভিন্ন ধারা উল্লেখ করে তিনি বলেন, দেশের সকল মানুষের জন্য কাজ করার শপথ নিয়েছেন এবং আইন বহির্ভূত কোনো কাজ করবেন না। এছাড়া ভূমি অফিস, শিক্ষা অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরে সেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে গ্রাম আদালত সক্রিয় করা এবং থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে পুলিশের ভূমিকা জোরদারের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা চাইলে বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করতে পারেন। তবে সরকারি কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করলে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদের পাঁচজন সংসদ সদস্যকে অন্তত এক-দুই বছর সহযোগিতা করলে আমরা জনগণের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার, জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, ল্যাফটেন্যান্ট কর্ণেল আশিক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সম্পর্কিত খবর