রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভা

স্টাফ রিপোর্টার : রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে চাঁদপুর জেলা শহরের প্রধান পাইকারি বাজারের ব্যবসায়ীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের উপস্থিতিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর চেম্বার মিলনায়তনে পুরাণবাজারের ব্যবসায়ীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।

সহ-সভাপতি তমাল কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো. লিয়াকত পাটওয়ারী, পরেশ মালাকার, গোপাল চন্দ্র সাহা, মো. নাজমুল আলম পাটওয়ারী, মো. আব্দুর রহিম সরকার, মো. শাহজালাল শেখ, মো. আসলাম তালুকদার, মাসুদ আখন্দ, ব্যবসায়ী সুবল পোদ্দার প্রমুখ। সভায় চেম্বার অব কমার্সের সচিব শেখ আব্দুল মোতালেব টুটুলসহ বিভিন্ন পণ্যের পাইকারি ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায়ীরা মানবিক ব্যবসায়ী হিসেবে তাদের ব্যবসা পরিচালনা করবে, কোনো প্রতারণা বা ভেজালের সাথে থাকবে না। প্রশাসন আইন অনুযায়ী ভোক্তার অধিকার সংরক্ষণে দায়িত্ব পালন করছে। আমাদের দপ্তর ব্যবসায়ীদের কোনো প্রতিপক্ষ নয়। যে কোনো পণ্য বিক্রির পাকা মেমো সংরক্ষণে রাখতে হবে। আসন্ন রমজান মাসে নিত্য পণ্য বিক্রি ও সরবরাহ নিশ্চিত রাখতে হবে। মালামাল মজুদ রেখে পণ্যের কৃত্রিম সংকট করা যাবে না।

যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে। সভাপ্রধানের বক্তব্যে চেম্বার সভাপতি সুভাষ চন্দ্র রায় ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, প্রতারণা, ভেজাল পণ্য ক্রয়-বিক্রয়ের সাথে যারা জড়িত থাকবে, চেম্বারের বদনাম করবে, তাদের কোনো বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দকে পাশে পাবে না। কোনো সিন্ডিকেট করে চাঁদপুরের ব্যবসায়ীরা ব্যবসা করে না। যারা অনিয়ম ও প্রতারণা করে ব্যবসা করবে তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলা হবে আরো কঠোর ব্যবস্থা নিতে। সুতরাং যে কোনো পণ্য ব্যবসায়ীকে সুন্দরভাবে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার জন্যে আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর