ফ্লোর সংকটে চাঁদপুরের স্টান্ট বাইকাররা

মহসিন হোসাইন: বাইসাইকেলের ওপর ভর করে ঝুঁকিপূর্ণ কিন্তু রোমাঞ্চকর নানা স্টান্ট—হুইলিং, প্যাগ, রোল, সার্ফিং, সাইক্লোন, সার্কেল হুইল। প্রতিদিন বিকেল নামলেই এই দৃশ্য দেখা যায় চাঁদপুর শহরের বিভিন্ন প্রান্তে। এসব তরুণের দলটির নাম চাঁদপুর স্টান্ট বাইকিং (Chandpur Stunt Viking)।

দলটিতে বর্তমানে ২৫ থেকে ৩০ জন সদস্য রয়েছেন। সদস্যদের বয়স সর্বনিম্ন ১৪ থেকে সর্বোচ্চ ২২ বছর। ক্লাস সেভেন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরাই এখানে নিয়মিত অনুশীলন করেন। প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে তাদের স্টান্ট প্র্যাকটিস।

দলটির সদস্যরা জানান, তাদের লক্ষ্য শুধু শখ নয়—আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করে চাঁদপুর ও বাংলাদেশের নাম উজ্জ্বল করা। কেউ কেউ আবার বাইসাইকেল স্টান্টকে সামনে রেখে কনটেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখছেন।

দলের সিনিয়র সদস্য নোমান বলেন, নিয়মিত স্টান্ট প্র্যাকটিস করার ফলে আমাদের শারীরিক ও মানসিক শক্তি অনেক বেড়েছে। আমরা মাদক, আড্ডা ও মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের মতো ক্ষতিকর দিক থেকে দূরে থাকতে পারছি। খেলাধুলা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।

অনুশীলনের জায়গা নেই, তবুও ঝুঁকি নিয়ে চলছে প্র্যাকটিস। তবে সবচেয়ে বড় সমস্যা—চাঁদপুরে বাইসাইকেল স্টান্ট অনুশীলনের জন্য কোনো নির্দিষ্ট গ্রাউন্ড বা ফ্লোর নেই। নির্দিষ্ট জায়গা না থাকায় বিভিন্ন স্থানে অনুশীলন করতে গিয়ে প্রায়ই বাধার মুখে পড়তে হয় তাদের।

দলের সদস্যরা বলেন,আমরা যেখানেই অনুশীলন করতে যাই, কয়দিন পর সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। এখন বাধ্য হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এলাকায় প্র্যাকটিস করছি। জায়গাটি আমাদের অনুশীলন এর জন্য বেশ চমৎকার তাই। তবে এখানে অনেক যানবাহন চলাচল করে, যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি থাকে। কিন্তু নির্দিষ্ট জায়গা না থাকায় বিকল্প নেই।

তারা চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার আওতায় বাইসাইকেল স্টান্ট অনুশীলনের জন্য একটি নির্দিষ্ট গ্রাউন্ড বা ফ্লোর করে দেওয়ার দাবি জানান। তাদের মতে, একটি নিরাপদ ও স্থায়ী প্রশিক্ষণস্থল পেলে তরুণদের এই ইতিবাচক উদ্যোগ আরও ছড়িয়ে পড়বে।

সুস্থ শরীর, সতেজ মন—স্টান্ট বাইসাইকেলের সুফল
স্টান্ট বাইসাইকেল শুধু বিনোদন নয়, বরং শিক্ষার্থীদের শরীর ও মন দুটোই সুস্থ রাখতে সহায়ক। নিয়মিত অনুশীলনে বাড়ে মনোযোগ, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা। দিন দিন এর জনপ্রিয়তাও বাড়ছে।

এই তরুণরা বিশ্বাস করেন—যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে চাঁদপুরের স্টান্ট বাইকাররাই একদিন বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

সম্পর্কিত খবর