
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরতলীর বাবুরহাট থেকে ঢাকা অভিমুখে চলাচলকারী মাইক্রোবাসে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
বিশেষ করে ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্টদের দাবি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি না থাকায় একটি চক্র এভাবে অনিয়ম চালিয়ে যাচ্ছে।
যাত্রীরা জানান, নির্বাচনী ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিস ও কলকারখানা খুলে যাওয়ায় কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়েছে। সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পারলে চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়তে হতে পারে এমন আশঙ্কায় অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিচ্ছেন।
চাঁদপুর জেলার পূর্ব ও দক্ষিণাঞ্চলের যাত্রীরা দ্রুত যাতায়াতের জন্য বাবুরহাট থেকে মাইক্রোবাস ও দুটি বাস সার্ভিসের ওপর নির্ভরশীল। যারা দ্রুত পৌঁছাতে চান, তারা বেশি করে মাইক্রোবাস ব্যবহার করেন। অভিযোগ রয়েছে, এই সুযোগে একটি সিন্ডিকেট প্রতিদিন অতিরিক্ত অর্থ আদায় করছে। এতদিন বাবুরহাট থেকে গুলিস্তান বা বিমানবন্দর পর্যন্ত জনপ্রতি ভাড়া ৪০০ টাকা নেওয়া হলেও, গত কয়েক দিনে তা বাড়িয়ে ৫০০ থেকে ৬০০ টাকা নেওয়া হচ্ছে বলে জানান যাত্রীরা।
অভিযোগ করার মতো কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় এবং চাকরি হারানোর ভয়ে অনেকেই অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। ভুক্তভোগীরা দ্রুত চাঁদপুর সেনাবাহিনী ও চাঁদপুর পৌরসভার প্রশাসক এর হস্তক্ষেপ কামনা করে বলেন, নিয়মিত তদারকি ও ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে।




