
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল থেকে চাঁদপুর সদর উপজেলার ১০ নং মডেল লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়-ইনসাফ, সততা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। এ দেশের মানুষ আর দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য চায় না। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেলে আমি চাঁদপুর-৩ আসনকে দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
উঠান বৈঠকে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “এই নির্বাচন শুধু একজন প্রার্থী নির্বাচনের নয়, এটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। পরিবর্তনের প্রতীক হিসেবে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন বলে আমি বিশ্বাস করি।
কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক জিপি ও জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ আবু মোঃ সালেহ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুক্কুর মোস্তান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোঃ নোয়াইম এবং চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি তুহিন আহমেদ মাইনু।




