শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কৃষ্ণপুর গ্রামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্যাপক নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী। পুরো কর্মসূচি জুড়ে ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনসম্পৃক্ততাপূর্ণ পরিবেশ।

ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল মিজির নেতৃত্বে নেতাকর্মীরা কৃষ্ণপুর গ্রামের বিভিন্ন বাড়ি-ঘরে যান। বাড়ির দরজায় কড়া নেড়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ছাড়াও তারা গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপির ঘোষিত ৩১ দফা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভোটারদের অবহিত করেন। হাতে হাতে লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তারা।

প্রচারণাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে এলাকাবাসীর কাছে দোয়া চান নেতাকর্মীরা। তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা জাতির কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আমরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া কামনা করি।”

একই সঙ্গে নেতাকর্মীরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে দেশের রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের “রোডম্যাপ” হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, “এই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন জরুরি। চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক দীর্ঘদিন ধরে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। উন্নয়ন, মানবিকতা ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় তিনি সর্বদা অগ্রণী ভূমিকা রেখেছেন। তাই দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।”

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোসারফ হোসেন কারী ও বিল্লাল পাটোয়ারী, সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার শানু, সাধারণ সম্পাদক নাসরিন রহমান, শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের সমন্বয়কারী অ্যাডভোকেট সাহেরা হিরু, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক আরিফ কাজী,

সহ–সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের কাজী, জসিম পাঠান, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল বেগম, সাধারণ সম্পাদক রোজিনা আক্তার, ১ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি নুরুন্নাহার, সাধারণ সম্পাদক নাসিমা বেগম, ২ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি ফেরদৌসী আক্তার, ইউনিয়ন তাঁতি দলের সভাপতি শাহাদাত গাজী এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়ায় কৃষ্ণপুর গ্রামে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ইউনিয়ন বিএনপির নেতারা জানান, আগামী দিনে আরও বিস্তৃত ও ধারাবাহিক প্রচারণার মাধ্যমে ধানের শীষের পক্ষে গণসমর্থন সুসংহত করা হবে।

সম্পর্কিত খবর