চাঁদপুরে জেলেদের কাছ থেকে চাঁদা তোলা নৌ-পুলিশের স্পিডবোর্ড চালক কুদ্দুস আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পদ্মা মেঘনায় অসহায় জেলেদেরকে নৌ পুলিশের ভয় ভীতি দেখিয়ে প্রতিনিয়ত মোটা অংকের চাঁদা তোলা (চিহ্নিত চাঁদাবাজ) কুদ্দুস গাজীকে আটক করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার রাতে শহরের ৩ নং কয়লা ঘাট এলাকা থেকে তাকে আটক করে মডেল থানা পুলিশ। চাঁদাবাজ কুদ্দুস শহরে ৩ নং কয়লাঘাট এলাকার দুলাল গাজীর ছেলে। জানা যায়,নৌ পুলিশের স্পীডবোর্ড চালক কুদ্দুস গাজী দীর্ঘদিন যাবত পদ্মা মেঘনায় অসহায় জেলেদের কাছ থেকে নৌ পুলিশের ভয়ভীতি দেখিয়ে ও জাল নৌকা জব্দের হুমকি দিয়ে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিলো।

সম্প্রতি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর হাইমচর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে জেলেদের সাথে মতবিনিময় করেন।

জেলেরা অভিযোগ করেন বৈধ জাল নদীতে ফেললেও চাঁদা দিতে হয় নৌ পুলিশের ড্রাইভার কুদ্দুস গাজী ও চরাঞ্চলের সোর্স জাহাঙ্গীরকে।শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য মডেল থানা পুলিশকে অবহিত করলে মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা পেয়ে কুদ্দুস গাজীকে শুক্রবার রাতে আটক করে। এদিকে কুদ্দুস গাজী আটক হওয়ার খবরে জেলে পল্লীতে আনন্দের বন্যা বইছে।

এ খুশিতে জেলেরা মিষ্টি বিতরণ করেছে। জেলে আব্দুস সালাম জানায়, মানিক ভাই কথা রেখেছে। এই চাঁদাবাজার হাত থেকে যেটাতে রক্ষা করেছে। তারা মডেল থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার থানার ওসি বাহার উদ্দিন জানান,কুদ্দুস গাজী নামে একজন আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর