চাঁদপুরে এনসিপির জেলা সমন্বয় সভা

মহসিন হোসাইন : চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সমন্বয় সভা সোমবার (১০ নভেম্বর ২০২৫খ্রি.) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আগামী নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা এমন লোকদের নিয়ে জোট তৈরি করতে চাই, যাদের ইমেজ ভালো, যারা সংস্কার বিশ্বাস করেন। তাদের নিয়েই আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনারা আইনের ঊর্ধ্বে নন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আপনারা যদি নিরপেক্ষ দায়িত্ব পালন করেন, সেটিই দেশ ও গণতন্ত্রের জন্য কল্যাণকর হবে। কিন্তু যদি কারও প্রভাবে অন্যায়ের সাথে যুক্ত হন, তার দায় আপনাদেরই নিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসন তখনই আপনাকে মূল্য দেবে, যখন আপনি সমস্যা সৃষ্টি করতে পারবেন এবং সেই সমস্যার সমাধানও করতে পারবেন। তখনই আপনার অবস্থান শক্ত হবে। দশটি ছাগল নিয়ে ঘোরার চেয়ে দুটি বাঘ নিয়ে চলা অনেক ভালো। আমরা গুন্ডা বাহিনী নয়, সাধারণ মানুষের শক্তিতেই সরকার গঠন করতে চাই।

তিনি আরও বলেন, আমাদের সংগঠনের প্রত্যেক সদস্যের দায়িত্ব হচ্ছে ভালো মানুষকে দলে আনা। একবার বললে না বুঝলে, বারবার বলুন, তাকে বুঝিয়ে এনসিপি নামক ভালো পরিবারের সদস্য করুন। এখনই সময় জনগণের সেবায় এগিয়ে আসার।

বর্তমান রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, হাসিনা সরকারের মতো বড় দল থাকলেই লাভ হয় না। যদি ব্যক্তি সৎ না হন, যদি আদর্শ না থাকে, তবে রাজনীতিতে আসার কোনো অর্থ নেই।

চাঁদপুর জেলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চাঁদপুরে মোট আটটি উপজেলা রয়েছে, কিন্তু জেলা অফিস নেই। মাত্র তিনটি উপজেলায় অফিস থাকায় দলের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাকি পাঁচ উপজেলায় দ্রুত অফিস স্থাপন করতে হবে, তাহলেই দল শক্তিশালী হবে। এছাড়াও তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এনসিপি শুধু রাজনীতি করি না, আপনাদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্যও লড়াই করি। আপনারা সঠিক সংবাদ উপস্থাপন করবেন, আমরা পাশে আছি। আশা করি, সামনে একটি সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রধান সমন্বয়ক মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মোঃ আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নাওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক মোঃ মাহবুব আলম।

বক্তারা বলেন, আমরা রাজপথে জন্ম নেওয়া মানুষ। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে চাই। শেখ হাসিনার একদলীয় শাসনব্যবস্থা আর দেখতে চাই না। তরুণদের শক্তিতে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মাহবুব আলম ও মেহেদী হাসান তানিম।

সভায় চাঁদপুর জেলার আট উপজেলা থেকে আগত এনসিপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জাহিদুল ইসলাম মোবারক।

সম্পর্কিত খবর