
চাঁদপুর খবর রিপোর্ট : ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে শুক্রবার চাঁদপুরের মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান।
আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীসহ দেশের বিভিন্ন নদনদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে।
মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশ ধরার নিষেধাজ্ঞায় চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে প্রচার। এই সময়ে কাজ না থাকায় জেলেদের ২৫ কেজি করে চাল দেবে সরকার। বরাদ্দ পেতে সঠিকভাবে তালিকা তৈরির দাবি জানিয়েছেন জেলেরা।
অভিযান সফল করতে প্রশাসনের সঙ্গে কাজ করবে নৌপুলিশ, কোস্টগার্ড। নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেপল্লিগুলোতে লিফলেট বিতরণের পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় করা হয়েছে মাইকিং। স্থানীয়রা বলছেন, জেলেরা এখন অনেক সচেতন। সরকারের আইন অমান্য করে নদীতে কেউ যাবে না।
এদিকে, নিষেধাজ্ঞা শুরুর আগ মুহূর্তে চাঁদপুর ইলিশ ঘাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ইলিশের চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন। এ সময় জেলা প্রশাসক মোহসিন উদ্দিন প্রচারপত্র বিতরণ ও পথসভায় অংশ নিয়ে জেলেদের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক মো. মোহসিন উদ্দিন জানান, ইলিশ রক্ষায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে। প্রয়োজনে সেনাবাহিনীও কাজে লাগানো হবে।
তিনি বলেন, নিষেধাজ্ঞার সময় যার কাছে ইলিশ পাওয়া যাবে, তাকে জেলে পাঠানো হবে। এ সম্পদ সবার, তাই রক্ষার দায়িত্বও সবার।




