
মহসিন হোসাইন : চাঁদপুরে লাল সবুজ রংয়ের ভিত্তিতে সিএনজি চলাচলের জন্য উদ্বোধনের ২ ঘন্টার মাথায় শ্রমিকদের ৮ দফা দাবিকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলে টানা ৪ ঘণ্টাব্যাপী। এতে শহরের প্রধান প্রধান সড়কজুড়ে যানজটের কারণে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।
সূত্রে জানা যায়, যানজট নিরসনে নতুন করে সিএনজি স্ট্যান্ড তৈরি ও অটোরিকশা চলাচলে নিয়ন্ত্রণ আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একদিন লাল, একদিন সবুজ রঙের অটোরিকশা চলাচল ব্যবস্থা চালু করা হয়। গতকাল থেকেই এ নিয়ম কার্যকর হওয়ার কথা থাকলেও সিএনজি শ্রমিকরা তা মানতে অস্বীকৃতি জানিয়ে বেলা বাড়তেই ওয়্যারলেস মোড়, ফরিদগঞ্জ রোড, বঙ্গবন্ধু সড়ক ও পালবাজার ব্রিজ এলাকায় অবরোধ শুরু করে দেন। এ সময় শ্রমিকরা ৮ দফা দাবি জানিয়ে ঘোষণা দেন, ডিসি’র পদত্যাগ, নতুন স্ট্যান্ড ব্যবহার না করা এবং মাসে ৩০ দিনই লাল-সবুজ রঙের অটোরিকশা চলতে হবে, সিএনজির জন্য পুরনো স্ট্যান্ডগুলোই চলবে, বাৎসরীক লাইসেন্স থাকার পরেও পৌরসভা কর্তৃক ১০/১৫ টাকা ট্যাক্স বাদ দিতে হবে বলে উল্লেখ করেন।
এসময় অবরোধের কারণে শহরের বিভিন্ন এলাকায় যানবাহনের দীর্ঘ সারির যানযট সৃষ্টি হয়। অফিসগামী কর্মজীবী মানুষ থেকে শুরু করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও চরম ভোগান্তি পোহাতে হয়। পরে দুপুর ২ টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সরেজমিনে গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেন। তিনি শ্রমিকদের দাবি শোনার পর আপাতত অবরোধ তুলে নিতে অনুরোধ জানান এবং পরবর্তীতে বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে বলে আশ্বাস দেন। জেলা পুলিশ, ডিবি ও ট্রাফিক পুলিশের সহায়তায় পরে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে দাবি-দাওয়া পর্যালোচনা করা হবে। তবে সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয় সে দিকটিই আমাদের অগ্রাধিকার দিতে হবে। সেই সাথে পরবর্তীতে এ নিয়ে বসে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।




