
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে পরিচালিত অভিযানে চাঁদপুর শহরের ওয়্যারলেস মোড়ে ২২০টি যানবাহনে তল্লাশি করা হয়। এসময় ৫টি মোটরসাইকেল জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের ওয়্যারলেস গোল চত্বর এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসায় সেনাবাহিনী।
এ সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সর্বমোট ২২০টি যানবাহনে তল্লাশি করা হয়।
মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইসেন্স না থাকায় ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।




