
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাইমচর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবা ও ২টি দেশীয় অস্ত্র (রামদা) সহ তালিকাভুক্ত এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।
এ সময় হাইমচর উপজেলার দক্ষিণ আলগী এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. জুয়েল মিজি (৩২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার নিকট থেকে ৩০ পিস ইয়াবা ও ২টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যৌথ বাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, এর ফলে এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে।




