
চাঁদপুর খবর রির্পোট: চট্টগ্রাম চেম্বারের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় বাণিজ্য সংগঠন-১ অনুবিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, চেম্বারের প্রশাসক হিসেবে বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ এক বছর পূর্ণ হওয়ায় সরকারের অনুমোদনক্রমে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীকে চলমান নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা পর্যন্ত প্রশাসক হিসেবে নির্দেশক্রমে নিয়োগ করা হলো।
জানা গেছে, যুগ্ম-সচিব সৎ দক্ষ জনবান্ধব অফিসার মোহাম্মদ নুরুল্লাহ নুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে সামুদ্রিক বিজ্ঞান বিভাগে অনার্সে ১ম শ্রেণীতে ১ম স্থান, ১৯৯৬ সালে মাষ্টার্সে ১ম শ্রেণীতে ২য় স্থান অর্জন করেছিলেন। তিনি বিগত ২০০১ সালে চাকুরীতে যোগদানের পর থেকে ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও রাঙ্গামাটি উপজেলা সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার ভূমির দায়িত্ব পালন করেন। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বান্দরবান জেলার থানচি ও ফেনী জেলার সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের মে পর্যন্ত এডিসি হিসেবে ভোলা ও চাঁদপুর জেলায় কর্মরত ছিলেন। এরপর উপ-পরিচালক (ডিডিএলজি) হিসেবে বান্দরবান জেলায় ১ বছর, বাংলাদেশ চা বোর্ড সচিব হিসেবে ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এবং ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার (সার্বিক) পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দেশে বিদেশে অনেক প্রশিক্ষণ নিয়েছেন।তিনি একজন সৎ, দক্ষ, দল নিরপেক্ষ, মেধাবী কর্মকর্তা।
এদিকে চট্টগ্রাম চেম্বারের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীকে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী শাহাতলী কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং বডির সম্মানিত সভাপতি সোহেল রুশদী।




