
মহসিন হোসাইন : চাঁদপুর সদর উপজেলার ৫২ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল গুলো বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন।
এসময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ, সদর উপজেলা প্রকৌশলী রাহাত আমিন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া, বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ কামরুল হোসেন, চান্দ্রা নুরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদ প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সদর উপজেলার ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর কৃতি শিক্ষার্থী রাইসুল ইসলাম, সরকারি শিশু পরিবারের দশম শ্রেণীর শিক্ষার্থী কুলসুমা।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিন দিন বানিজ্যিক হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানকে বানিজ্যিক হয়ে দেয়া যাবে না। শিক্ষাকে বানিজ্যিকভাবে না নিয়ে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, অন্যান্য ব্যবসার মত শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাইভেট কোচিং সেন্টারগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক হারে ইনভেস্টমেন্ট তৈরি হয়েছে। যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্তানদেরকে ভর্তি করাতে গেলে ভর্তি ফি সহ নানা ধরনের ফি গুলো দিতে গিয়ে অভিভাবকরা হিমশিম খাচ্ছে। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষাবান্ধব এবং শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদেরকে আরও দায়িত্বশীল হয়ে উঠতে হবে যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরীক্ষার হলে কেউ কোন প্রকার অনিয়ম বা অনৈতিক পন্থা অবলম্বন করতে না হয়।
এ সময় তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা প্রকৃত দায়িত্বশীল শিক্ষক হয়ে উঠি, তাহলে আগামী প্রজন্ম একটি সুন্দর প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। একজন শিক্ষকই হলেন শিক্ষার্থীর সবচেয়ে বড় অভিভাবক।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, অভিভাবক ও শিক্ষার্থীরাবৃন্দ।




