মতলব উত্তরে ৯ কোটি ব্যয়ে রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি : মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে উপজেলার উত্তর লুধুয়া আমতলা-সুজাতপুর ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় হইতে জিমি কার্টার একাডেমি পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার প্রশস্থকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী সোহেল অনোয়ার।

৯ কোটি টাকা ব্যয়ে উক্ত কাজটি বাস্তবায়ন করবেন নির্মাণকারী প্রতিষ্ঠান আক্কাস কনস্ট্রাকশন। উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী সোহেল অনোয়ার বলেন, জনগণের প্রত্যাশা ছিল সুজাতপুর বাজারে প্রবেশের জনগুরুত্বপূর্ণ সড়কটি যেন টেকসই উন্নয়ন হয়।

সে চিন্তা মাথায় নিয়েই কাজটি করা হবে। এ ক্ষেত্রে নির্মাণ কাজটি করতে গিয়ে জনগণের যাতায়াতে কিছুটা অসুবিধা হবে। বৃহৎ স্বার্থে এ সামান্য কষ্ট সহ্য এবং ধৈর্য্য ধারন করতে হবে সবাইকে। তিনি আরও বলেন, পিচ রাস্তা নির্মানের পাশাপাশি, ছোট কালভার্ট, গাইড ওয়াল ও রাস্তার উভয় পাশে সোল্ডার ৩ ফুট করে মাটি ভরাট কাজ করা হবে। কাজটি যেন মানসম্মত ভাবে করা হয় সেব্যাপারে ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার, বিএনপি নেতা মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, খায়রুল হাসান বেনু’সহ আরো অনেকে।

সম্পর্কিত খবর