
স্টাফ রিপোটার : চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে ৭০ যানবাহনে তল্লাশি চালিয়ে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় ৬টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তাতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুর বাবুরহাট এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি,
অধিক গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সর্বমোট ৭০টি যানবাহন তল্লাশি করা হয়। মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়।




