ইফার উদ্যোগে চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবী করিম (সা.)-এর জীবনী, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

তিনি বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলামের শিক্ষা হলো মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।

ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক সেলিম সরকারের সভাপতিত্বে এবং ফিল্ড অফিসার সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ। মুখ্য আলোচক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ইফা চাঁদপুর-এর ফিল্ড অফিসার বিল্লাল হোসেন। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিফজুল কুরআন গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান দেওয়ান।

ইফা উপ-পরিচালক সেলিম সরকার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ তুলে ধরে বলেন, তাঁর জীবনধারাই মানবতার সর্বোত্তম দৃষ্টান্ত। তিনি দুনিয়ার সকল মানুষের জন্যে শান্তি, ন্যায় ও সাম্যের বার্তা নিয়ে এসেছিলেন। দেশবাসীর মঙ্গল কামনায় আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির অগ্রগতি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর