
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে মমিন পুরে টিনের ঘরের বেড়া কেটে স্বর্ণ ও নগদ লক্ষ টাকা লুট করা হয়েছে। গতকাল ১২টার পর থেকে ভোর সাড়ে চারটার মধ্যে, যে কোনো সময়ে চুরি সংঘটিত হয়।
জানা যায়, মমিনপুরে নীরবতায় মোড়া একটি ঘর। আর সেই নীরবতার সুযোগে ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা। বসতবাড়ির টিনের বেড়া কেটে ঢুকে গেল চোরেরা। আর মুহূর্তেই এলোমেলো হয়ে গেল গোটা ঘর। বাড়ির মালিক নূর এ আলমের পরিবার তখন কেউ ছিল না ঘরে। তাঁর মা, বাবা ও ছোট বোন ঢাকায় ছিলেন চিকিৎসার জন্য। আর দুই ভাবি গিয়েছিলেন বেড়াতে। ফলে পুরো বাড়ি খালি পড়ে ছিল।
পরদিন সকালে, খবর এল ফোনে। স্থানীয় একজন সাক্ষী জানালেন, তাদের ঘরে চুরি হয়েছে। খবর শুনে নূর এ আলম ও তাঁর মা দ্রুত লঞ্চে চেপে ছুটে এলেন চাঁদপুরে। ঘরে ঢুকতেই চোখে পড়ে এলোমেলো দৃশ্য। ড্রয়ার ভাঙা, আসবাবপত্র ছড়ানো। যেন ঘরের ভেতর দিয়ে ঝড় বয়ে গেছে। ভেতরে খোঁজ করে জানা যায়, ওয়ার ড্রোবের ড্রয়ার আর ড্রেসিং টেবিল ভাঙা।
আর সেখান থেকেই উধাও হয়েছে এক লক্ষ টাকারও বেশি নগদ অর্থ। সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, যার বাজারমূল্য আনুমানিক সাড়ে আট লাখ টাকা।
কিন্তু এটাই শেষ নয়। যত খোঁজাখুঁজি করা হলো, তবুও চোরদের কোনো সন্ধান মিললো না। গ্রামের মানুষজন মিলে আলাপ-আলোচনা করেও কিছু বের করা গেল না।
শেষ পর্যন্ত বাধ্য হয়েই থানায় অভিযোগ জানানো হলো। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে খুব দ্রুত আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানায় ভুক্তভোগী পরিবার।




