
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ইসলামী আন্দোলনের ওয়ার্ড যৌথসভায় স্থানীয় বাঁধায় দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় ইসলামী আন্দোলনের দুই কর্মী আহত হয়েছেন।
এরা হলেন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ বেলাল হোছাইন, রাসেল গাজি গালিব ও ইমরান খান বাদশাহ। বর্তমানে তারা চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর)হাসপাতালে ভর্তি রয়েছেন।
গতকাল (৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলাধীন ২ নং আশিকাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের ওয়ার্ড যৌথসভায় এ ঘটনা ঘটে।
২ নং আশিকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক(হান্নান) তালুকদার জানান, ইসলামী আন্দোলনের ওয়ার্ড যৌথসভায় আ’লীগের লোকজন নিয়ে নাকি তারা সভা করছিল।এমন সময় তারা গিয়ে বাঁধা দিলে দু’গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। কিন্তু আ’লীগের লোক ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জানান, তারা আ’লীগের কোনো লোকজন বা দলীয় পদ পদবী যুক্ত কোনো লোক নিয়ে তারা সভা করেননি। এছাড়াও ইসলামী আন্দোলনের একজন আহত কর্মী জানান, তিনি চোখে আঘাত পেয়েছেন। তাঁদেরকে সভা করতে দেয়নি ওয়ার্ড বিএনপির লোকজন। পরে একপর্যায়ে পুলিশ গিয়ে দু-পক্ষের সাথে বসে বিষয়টি নিয়ন্ত্রণ করেন।
বিষয়টি নিয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, আমি শুনেছি আজ সেনগাও ইসলামী আন্দোলনের একটি সভা চলাকালে সেখানে দু গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছি। পরে তারা সেখানে গিয়ে দু’পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করে।




