
মোঃ ইসমাইলঃ চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নে নানার বাড়িতে এসে রাহাত নামে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিকেল ৫ ঘটিকার দিকে ৬নং ওয়ার্ডের উত্তর আলগী গ্রামে এ ঘটনা ঘটে। রাহাত পূর্বচর কৃষ্ণপুর গ্রামের আলমগীর ছৈয়াল ও লাকি বেগমের পুত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, শিশু রাহাত বাড়ির উঠোনে পুকুরপাড়ে খেলা করছিল।
হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কে এম আব্দুল্লাহ আল মামুন জানান, ১৮ মাসের রাহাত কে হসপিটালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়েছে।
তারপরেও হসপিটাল নিয়ে আসলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি ইতিপূর্বেই তার মৃত্যুবরণ হয়েছে। হাইমচর থানা ওসি তদন্ত শাহ আলম জানান, পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যুর সংবাদটি শুনার সাথে সাথেই আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়েছি।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। শিশুটির মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।




