চাঁদপুরে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত অনুষ্ঠান চলে। আলোচনা পর্বের পর কয়েক হাজার নবী প্রেমিক সুন্নী মুসলমান শহরে ঈদে মিলাদুন্নবীর জুলুছ বের করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মাসউদ হোসাইন আল-কাদেরী।

তিনি বলেন, প্রিয়নবীর আগমনে ঈদ উদযাপন করা নসিবের ব্যাপার। বদনসিব যাদের তারা নবীর আগমনে খুশি হবে না এটাই স্বাভাবিক। যেমন খুশি হতে পারেনি ইবলিশ মালউন শয়তান। সেই ইবলিশ শয়তানের প্রেতাত্মারা আজো আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। রবিউল আউয়াল মাস আসলেও এদের চুলকানি শুরু হয়। ঈদে মিলাদুন্নবী নিয়ে তারা নানা বিভ্রান্তিমূলক ফতোয়া দিতে থাকে। শয়তানের মত অনুসরণ করে তারা নানা যুক্তি দিয়ে থাকে। অথচ কোরআনে পাকে আল্লাহ পাক নিজেই নির্দেশ দিয়েছেন তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে পেয়ে খুশি উদযাপন করতে। সে জন্যই মুমিন মুসলমানগণ রবিউল আউয়াল মাসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র বেলাদাত শরীফকে উপলক্ষ করে ঈদ উদযাপন করে। আর এই ঈদ উদযাপনই হচ্ছে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী।

আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আনম মুহিবুল্লাহের সভাপতিত্বে ও আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জশনে জুলুছ উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা এএইচএম আহসান উল্লাহ এবং সদস্য সচিব পীরজাদা মাওলানা খাজা মোহাম্মদ জোবায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাউছিয়া বোরহানিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা মুহাদ্দিস রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি ফজলুল কাদের বাগদাদী,

আহলে সুন্নাত ওয়াল জামাআত কচুয়া উপজেলার সভাপতি মাওলানা আলমগীর শাহ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. এমদাদুল হক পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম শাহ মিয়াজি, দাসাদী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মেহেদী হাসান রুহানী, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজ উল্লাহ ইউসুফী প্রমুখ ওলামায়ে কেরাম।

উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, সাংবাদিক গাজী মোহাম্মদ আবদুর রাহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ কামরুল হাসান বাবু প্রমুখ নেতৃবৃন্দ। সবশেষে মিলাদ কিয়াম ও দোয়া মুনাজাতের পর তবররুক বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর