আজ ফ্লাইট লেফট্যালেন্ড এ বি সিদ্দিকের ১৩ তম মৃত্যুবার্ষিকী

মতলব প্রতিনিধিঃ আজ ফ্লাইট লেফট্যালেন্ড এ বি সিদ্দিকের ১৩ তম মৃত্যু বার্ষিকী । আজকের এই দিনে তিনি মৃত্যু বরণ করেন । তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে এবি সিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে কবর জিয়ারত, দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে ।

এ, বি, সিদ্দিক ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, একজন রাজনীতিবিদ। তিনি ১৯৭০ সালে গণপরিষদ সদস্য ও ১৯৭৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা-২১ (বর্তমানে-চাঁদপুর-২) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯২৯ সালের ১২ফেব্রুয়ারি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া সরকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম হাসান আলী সরকার।

১৯৩৯ সালে বরদিয়া বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে মতলবগঞ্জ জে.বি. উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। ১৯৪৩ সনে মতলব স্কুল থেকে ম্যাট্রিকুলেশন ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করেন।

রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে সর্বোচ্চ নম্বরসহ ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ‘মি. জিন্নাহ ‘উর্দুই কেবল উর্দুই পাকিস্তানের রাষ্ট্র ভাষা হবে’ ঘোষণা দিলে যে সব ছাত্র তার প্রতিবাদ করে, এ, বি, সিদ্দিক তাদের একজন। এ, বি, সিদ্দিক প্রথম কর্মজীবন শিক্ষকতা পেশার মাধ্যমে শুরু করলেও ১৯৫১ সালে রাজকীয় পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করে বিভিন্ন বিমান ঘাঁটিতে কর্মকাল কাটানোর পর পূর্ব পাকিস্তান বিমান বাহিনীর রিক্রুটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

এসময় তার জন্মস্থান এলাকা অনেক যুবককে পাকিস্তান বিমান বাহিনীতে নিয়োগ দেন। ১৯৬৪ সনে স্বেচ্ছায় বিমান বাহিনী থেকে অবসর নিয়ে বাঙালির স্বার্থ সম্পর্কিত সকল আন্দোলন ও কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭০ সালে বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তম মতলব থানার সভাপতি ও চাঁদপুর মহকুমা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হন।

স্বাধীনতা সংগ্রাম শুরু হলে চাঁদপুর মহকুমার প্রধান সংগঠক হিসেবে মুক্তিবাহিনীর দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা-১১ আসনে থেকে এমপিএ, এমসিএ ও এমপি নির্বাচিত হন। তিনি কর্মজীবনে মতলব উচ্চ বিদ্যালয়, মতলব কলেজসহ একাধিক প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন।

এ, বি, সিদ্দিক এলাকায় ২টি কলেজ, কয়েকটি উচ্চ বিদ্যালয় ও অর্ধশত প্রাথমিক বিদ্যালয় স্থাপনে বিশেষ অবদান রাখেন । মতলবের বিখ্যাত ‘আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র’ স্থাপনে এবং প্রসারণে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মতলব উপজেলা শাখা ও চাঁদপুর জেলা শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্য, মতলব দক্ষিণ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রধান উপদেষ্টা ও মতলবগঞ্জ জে.বি. উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা ছিলেন।

৩ সেপ্টেম্বর ২০১২ সালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। প্রথম জানাজা বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় ও দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং মতলবে আরো কয়েকটি জানাজা শেষে সাবেক সাংসদের মরদেহ মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া সরকার বাড়িতে দাফন করা হয়।

এ বি সিদ্দিক এর ত্রয়োদশ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এবি সিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে কবর জিয়ারত, দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে ।

সম্পর্কিত খবর