চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তাদের বিদায়-বরণ সংবর্ধনা

মহসিন হোসাইন : চাঁদপুর পৌরসভার আয়োজনে বিদায়ী ও নবাগত কর্মকর্তাদের বিদায়-বরণ এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পৌর সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অবসরজনিত কারণে বিদায় নেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঞা। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি চাঁদপুর পৌরসভায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

একই অনুষ্ঠানে নবাগত পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এছাড়া শহর পরিকল্পনাবিদ মো. সাজ্জাত ইসলাম বদলিজনিত বিদায়ে সংবর্ধিত হন এবং তাঁর স্থলাভিষিক্ত শহর পরিকল্পনাবিদ মো. সোহরাব হোসেনকে বরণ করা হয়।

একই সঙ্গে বদলিজনিত বিদায়ে প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদারকেও ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া (উপসচিব)। সঞ্চালনা করেন প্রশাসকের ব্যক্তিগত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

এতে পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলী, ক্যাশিয়ার, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী বক্তব্যে পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঞা বলেন, চাঁদপুর পৌর এলাকায় দায়িত্ব পালন আমার জীবনের গৌরবময় অধ্যায়।

এখানকার মানুষ অত্যন্ত ভালোবাসাপূর্ণ ও আন্তরিক। তাঁদের সঙ্গে কাটানো সময় এবং সহকর্মীদের সহযোগিতা আমি চিরদিন মনে রাখব। অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিদের পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পৃথক পৃথক উপহার প্রদান করা হয়।

সম্পর্কিত খবর