
স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) চাঁদপুর সদর উপজেলা বিএনপি ও চাঁদপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিকেলে অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক কর্তৃক দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে।
সম্মেলনে পূর্ণাঙ্গ গণতান্ত্রিকতাবে আগামী ২ বছরের জন্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের জন্যে চাঁদপুর জেলা বিএনপি ৩ সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করেছে।
নির্বাচন কমিশন: ১) অ্যাডভোকেট রফিকুল হাছান রীপন, প্রধান নির্বাচন কমিশনার, ২) অ্যাডভোকেট শিরীন আক্তার সুপ্তা, কমিশনার, ৩) অ্যাডভোকেট কাজী মো. খায়রুল হাছান জুম্মন, কমিশনার। এ নির্বাচন কমিশনকে চাঁদপুর সদর উপজেলা ও চাঁদপুর পৌর বিএনপির সম্মেলন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্যে নির্বাচনী তফসিল ঘোষণা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন ফরম প্রস্তুত ও বিতরণ, ফরমের মূল্য নির্ধারণ, মনোনয়নের জন্যে জামানতের টাকা নির্ধারণ, ব্যালট পেপার ছাপানো ও প্রতীক বরাদ্দ করা সহ যাবতীয় কার্যক্রম গ্রহণে চাঁদপুর জেলা বিএনপি দায়িত্ব প্রদান করেছে।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানান।




