স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ সিরিঞ্জ পাওয়ায় এবং টেকনোলজিস্টের স্বাক্ষর জালিয়াতি করে ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৩১ আগস্ট) দুপুরে শহরের মিশন রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযান কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ সিরিঞ্জ পাওয়ায় ল্যাব কেয়ার ফার্মেসীকে ৬ হাজার টাকা এবং ডায়াগনস্টিক রিপোর্টে ল্যাব টেকনোলজিস্ট হিসেবে একই ব্যক্তির নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের স্বাক্ষর পাওয়ায় চাঁদপুর আল মানার হাসপাতাল (প্রা:) এর মালিক পক্ষকে ১০ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।