হাজীগঞ্জ কাপাইকাপে স্বামীকে বস্তায় ভরে হত্যার চেষ্টা!

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাপাই কাপ গ্রামে স্বামীকে বস্তায় ভরে হত্যার চেষ্টা, আর সেই নৃশংস ঘটনার পেছনে আছে স্ত্রী ও তার পরকীয়া সম্পর্ক। ২৫ বছরের সংসার এক নিমিষেই ভেঙে গেলো।

আমির হোসেন মোল্লা নামে এক ব্যক্তি তার স্ত্রী ফিরোজা বেগমকে আনতে শ্বশুরবাড়ি যান। কিন্তু সেখানে তাকে আটক করে নির্মমভাবে মারধর করা হয়। তদন্তে জানা গেছে, ফিরোজা বেগম অনেক দিন ধরে পাশের এলাকার খোরশেদ নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্ক চালাচ্ছিলেন।

বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। কয়েকদিন আগে ফিরোজা ঢাকার বাসা ছেড়ে হাজীগঞ্জে চলে আসেন। স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে, তাঁকে জোর করে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু অস্বীকৃতি জানালে, ফিরোজা, তার প্রেমিক খোরশেদ, ভায়রা মোকলেস, তার ছেলে আরিফ এবং স্ত্রী পারুল মিলে আমিরকে ঘরের ভেতর আটকে রাখে।

শুরু হয় অমানবিক নির্যাতন। পরে তাঁকে একটি ছালার বস্তার ভেতর ঢুকিয়ে মুখ বেঁধে পানিতে ফেলে দেওয়ার পরিকল্পনা করা হয়। মরিয়া হয়ে আমির পালাতে চাইলে আবারও তাকে ধরে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করে। আমির হোসেন মোল্লা মূলত মতলব দক্ষিণের গাবুয়া গ্রামের ছেলে।

জীবিকা নির্বাহ করতেন ঢাকায় অটোরিকশা চালিয়ে। তিনি অভিযোগ করেছেন স্ত্রীর পরকীয়ার কারণে তার দীর্ঘ দিনের সংসার ভেঙে গেছে। একই সঙ্গে তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সম্পর্কিত খবর