চাঁদপুরে যানজট নিরসনে মালিক-শ্রমিকদের সাথে প্রশাসকের মতবিনিময়

মহসিন হোসাইন : চাঁদপুরে যানজট নিরসনে জেলা প্রশাসকের সাথে পরিবহন মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা গতকাল (৩১ আগস্ট) বিকেল ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ট্রাক, লরি ও তেলের ভাউচার দিনের বেলায় শহরে প্রবেশ করতে পারবে না। যেসকল বাস রয়েছে, সেগুলো নির্দিষ্ট জায়গা ছাড়া ছাড়তে পারবে না। সিএনজি, অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা নিয়ম অনুযায়ী রঙের ভিত্তিতে চলাচল করবে—একদিন লাল, অন্যদিন সবুজ। নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া গাড়ি ছাড়লে জরিমানা করা হবে। এসব নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, আগামী ১০ সেপ্টেম্বর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা লাল রঙ দিয়ে এবং সিএনজি হলুদ রঙ দিয়ে কার্যক্রম শুরু করবে। পরবর্তীতে ধাপে ধাপে সবুজ ও লাল মিলিয়ে চলবে। চাঁদপুর শহরের যানজট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, চাঁদপুর পৌরসভা, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, মালিক গ্রুপ, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের সাথে ধারাবাহিক আলোচনার পর সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

১. চাঁদপুর পৌরসভার লাইসেন্সকৃত অটোরিকশা যথাক্রমে লাল ও সবুজ দুই রঙের ভিত্তিতে একদিন পরপর চলাচল করবে।

২. চাঁদপুর পৌরসভার মধ্যে সিএনজি যথাক্রমে হলুদ ও সবুজ দুই রঙের ভিত্তিতে একদিন পরপর চলাচল করবে।

৩. সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সিএনজি ও অটোরিকশা রঙের ভিত্তিতে একদিন পরপর পৌরসভায় প্রবেশ করবে।

৪. রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত উভয় রঙের সিএনজি ও অটোরিকশা পৌরসভায় চলাচল করতে পারবে।

৫. হাসপাতালে রোগী বহনকারী সিএনজি ও অটোরিকশা বিশেষ বিবেচনায় শহরে প্রবেশ করতে পারবে।

৬. চাঁদপুর পৌরসভা ব্যতীত জেলার অন্যান্য স্থানে উভয় রঙের সিএনজি ও অটোরিকশা চলাচল করতে পারবে।

৭. সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পৌরসভা এলাকায় ট্রাক, লরি ও তেলের ভাউচার প্রবেশ করতে পারবে না। তবে মিনি পিকআপ প্রবেশ করতে পারবে। ৮. অন্যান্য জেলা থেকে আগত সিএনজি শহরের বাইরে নির্ধারিত স্ট্যান্ডে যাত্রী উঠানামা করবে।

জেলা প্রশাসক আরো বলেন, কোনো চালক যদি ভাড়া বাড়ানোর চেষ্টা করেন, তাকে আর রাস্তায় চলতে দেওয়া হবে না।

সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর জেলা তেল ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিব। বক্তারা বলেন, জেলা প্রশাসকের এই ব্যতিক্রমী উদ্যোগকে তাঁরা স্বাগত জানাচ্ছেন।

চাঁদপুরবাসীর কল্যাণে কাজ করার জন্য তাঁরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন আশরাফ, ডিডিএলজি ও পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম,

পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁইয়া, পৌরসভার এসেসমেন্ট কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানসহ চাঁদপুর পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত খবর