
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা ২য় স্ত্রীর নির্যাতনে প্রাণ হারিয়েছেন এক অ্যাম্বুলেন্স চালক দেলোয়ার হোসেন দেলু খলিফার। চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের চৌরাস্তা এলাকার মেয়ে সুমি আক্তারের সঙ্গে বিয়ে হয়েছিল দেলোয়ার হোসেন দেলু খলিফার।
কিন্তু সংসারে চলছিল নানা টানাপোড়েন। নির্যাতন সহ্য করতে না পেরে দেলু আদালতে মামলা করেন এবং দেনমোহর মিটিয়ে স্ত্রী সুমিকে তালাক দেন। কিন্তু এখানেই শেষ হয়নি দেলুর দুঃখ। খবর দিয়ে ডেকে নিয়ে সুমি তাকে নির্মমভাবে মারধর করে শিকল দিয়ে বেঁধে রাখে।
এরপর কীটনাশক খাইয়ে রাস্তায় ফেলে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। শনিবার দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় দেলু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার ও সহকর্মীদের প্রতিক্রিয়া বলেন, নিহত দেলু চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদির মৃত আলী আকবর খলিফার ছেলে। দীর্ঘদিন ধরে স্থানীয় এক মালিকের অ্যাম্বুলেন্স চালাতেন তিনি।
মৃত্যুর আগে তিনি জানিয়েছেন, শুধু স্ত্রীই নয়, স্ত্রীর ছোট বোনের জামাই সুজন এবং পাশের বাড়ির রাজুও তাকে নির্যাতন করেছে। পরিবার দেলুর হত্যার বিচার দাবি করেছে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করে অ্যাম্বুলেন্স নিয়ে অভিযুক্ত স্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।
খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। তারা জানিয়েছে, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মর্মান্তিকভাবে, যে অ্যাম্বুলেন্সটি এতদিন চালাতেন দেলু, সেটিতেই শেষবার বহন করা হয়েছে তার নিথর দেহ।



