
সভা ইব্রাহিম খান : চাঁদপুরে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের জেলা ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩ টার সময় শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের, সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবর রহমান বলেন, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ, যা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের একটি শরিক সংগঠন, দীর্ঘদিন ধরে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানিয়ে আসছে। শিক্ষক সমাজকে বঞ্চিত রেখে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। জাতীয়করণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করা যাবে। আমরা চাই যেসব শিক্ষক কর্মরত আছেন তারা সংগঠনে থাকবেন। যারা অবসরে গেছেন তাদের রাখা হবে না, তাতে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে। কোনো শিক্ষকের সমস্যা হলে সেটাকে একজনের সমস্যা না ভেবে আমরা সবাই মিলে সমাধানের চেষ্টা করব।
ঐক্যবদ্ধ থাকলেই আমাদের কামিয়াবী আসবে। আসলে আমাদের মধ্যে সমন্বয়ের অভাব আছে। তাই সবাইকে একত্রিত হয়ে থাকতে হবে। তিনি আরও বলেন, সংগঠন মানে কেবল নামের জন্য নয়, বাস্তবে একে অপরের পাশে থাকা। ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে আমাদের সম্মিলিত শক্তিকে কাজে লাগাতে হবে। শিক্ষক সমাজকে যদি অবহেলা করা হয়, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা কখনোই সুদৃঢ় হবে না। তাই জাতীয়করণের দাবিকে সফল করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতি তাঁর বক্তব্যে আরও জোর দিয়ে বলেন, আমাদের আন্দোলন কারো বিরুদ্ধে নয়, বরং আমাদের প্রাপ্য অধিকার আদায়ের জন্য। শিক্ষকদের মর্যাদা রক্ষায় আমরা আপস করব না। সময় এসেছে সবাইকে এক পতাকার নিচে দাঁড়ানোর। বিভক্ত হলে আমরা দুর্বল হবো, আর ঐক্যবদ্ধ থাকলেই আমাদের সাফল্য নিশ্চিত হবে। হাইমচর হাইস্কুলে এর সহকারী শিক্ষক- কে.এম ফয়েজুল আলম এর সঞ্চালনায়,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ, জেলা- যুগ্ম সাধারণ সম্পাদক, রফিকুল হাসান রাসেল, মুন্সিরহাট কলেজ এর সহকারী অধ্যাপক- মোঃ ফারুক আহমেদ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক – হাবিবুর রহমান, গল্লাক নোয়াবাড়ি উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষক- সাইফুল ইসলাম, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক- আতিকুর রহমান,
চর ভৈরবী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক- মোঃ সেলিম বেপারী সহ বাংলাদেশ এমপিওভুক্ত চাঁদপুর জেলা শিক্ষক পরিষদ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং চাঁদপুর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলা কমিটির কার্যক্রম উপস্থাপন করা হয় এবং আগামী দুই বছরের জন্য,সভাপতি পদে মোঃ মাহবুবর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ফারুক আহম্মেদ সহ ৫১ বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।




