চাঁবিপ্রবিতে প্রকৌশলী অধিকার আন্দোলনে মশাল মিছিল : দাবি আদায়ের হুঁশিয়ারি

মহসিন হোসাইন : তিন দফা দাবি আদায়, ডিপ্লোমা সিন্ডিকেটের বিরুদ্ধে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

প্রকৌশলী অধিকার আন্দোলন -এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দাবি আদায় না হলে পূণরায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে চাঁদপুর- কুমিল্লা মহাসড়কে বিশাল এক মশাল মিছিল ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এসময় তারা বিভিন্ন স্লোগান দেন— একশন টু একশন, ডাইরেক্ট একশন, ইঞ্জিনিয়ারের একশন, ডাইরেক্ট একশন, এক দুই তিন চার, ডিপ্লোমা তুই কোটা ছাড়, ছাগল দিয়ে হাল চাষ, হবে না হবে না, ভেড়া দিয়ে হাল চাষ, হবে না হবে না, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ডিপ্লোমা শেষ করতেই তুই করিস হাস ফাস, পারলে কাকা করে দেখা বিএসসি টা করে পাশ, ডিপ্লোমা তুই টেকনিশিয়ান, মানতে এতো চুলকানি কেন?, ডিপ্লোমার সিন্ডিকেট, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, এক দুই তিন চার, ডিপ্লোমা তুই জোকার, পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না, এক দুই তিন চার, ইন্টেরিম জোকার, পুলিশ তোর দালালি, বন্ধ কর বন্ধ কর।

বিক্ষোভ ও মশাল মিছিলে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী রাকিবুল কবির নিহাল, সিএসসি বিভাগ সিয়াম হোসেন। তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধা ও হামলার তীব্র নিন্দা জানান।

এছাড়া কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেন ডিপ্লোমাধারীদের অবৈধ কোটা বাতিলের দাবি জানান।

একই বিভাগের শিক্ষার্থী মো. সাব্বিরও সমাবেশে বক্তব্য দেন। আন্দোলনকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন: ১. ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমানের পদ)-এ নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং।

কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না এবং নতুন কোনো নামে সমমানের পদ সৃষ্টি করেও পদোন্নতি দেওয়া যাবে না। ২. টেকনিক্যাল ১০ম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদ)-এর নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা গ্রাজুয়েট এবং একই ডিসিপ্লিনে উচ্চতর যোগ্যতাসম্পন্ন বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং স্নাতকের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে অন্যান্য দেশের মতো যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীরা বলেন, এ তিন দাবি দ্রুত মেনে না নিলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পর্কিত খবর