চাঁদপুর সদরের মাদ্রাসার অধ্যক্ষদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

আহম্মদ উল্লাহ : চাঁদপুর সদর উপজেলার ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষদের সাথে চাঁদপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা গতকাল বুধবার (২৭ আগস্ট ২০২৫খ্রি.) বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও মাদ্রাসা সমূহের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, মাদ্রাসা সমূহে এনটিআরসির মাধ্যমে যারা শিক্ষক নির্বাচিত হয়েছেন, তাদেরকে বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হবে। সব সিস্টেমের মধ্যে থাকবে। তাদের সার্টিফিকেট ও কাগজপত্র সব ঠিক আছে কিনা তা যাচাই-বাছাই করা হবে। শিক্ষকদেরকে পাঠদানের ব্যাপারে মনোযোগী দিতে হবে। কোন শিক্ষার্থী ক্লাসে মোবাইল নিয়ে যেতে পারবে না, সে বিষয়টির প্রতি নজর দিতে হবে। শিক্ষার্থীরা হোমওয়ার্ক করে কিনা তা প্রতিদিন পর্যালোচনা করতে হবে। তিন দিনের বেশি কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে শিক্ষক তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলতে হবে। শিক্ষকরা ক্লাসে যাওয়ার পূর্বে অফিস রুমের ড্রয়ারে মোবাইল রেখে যাবেন। সামনে কেন্দ্রীয় পরীক্ষা গুলোর কেন্দ্রসমূহকে সমন্বয় করে ছোট করা হবে। একাধিক পরীক্ষা কেন্দ্র রাখা যাবে না।

প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডির কমিটির বিষয়ে তিনি বলেন,স্থানীয়ভাবে পরামর্শ করে নতুন করে দাতা সদস্য নিতে পারেন । এরপর ভোট দিয়ে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচন করবেন। যারা ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা মেম্বার তাদেরকে গুরুত্ব দিবেন। তাই মাদ্রাসায় নতুন করে দাতা সদস্য নেওয়া যাবে, যারা পরবর্তীতে ভোট দিতে পারবে। এতে করে মাদ্রাসার অনেক উন্নয়ন হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , বাগাদী আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার এডহক কমিটির সদস্য আলহাজ্ব মাওলানা এ কে এম নিয়ামত উল্লাহ খান, অধ্যক্ষ মাওলানা আবু আব্দুল্লাহ মুহাম্মদ খান, চান্দ্রা নুরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ মান্দারী, গাজীপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান, ওসমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, বিষ্ণুদী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ, কামরাঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সাংবাদিক ইকবাল হোসেন পাটোয়ারী, সহকারী অধ্যাপক আল্লামা মাহফুজ উল্লাহ খান ইউসুফী, সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ নাজমুস সাদাত, মাওলানা মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক মাওলানা রেদওয়ান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহমদ উল্লাহ প্রমুখ।

সম্পর্কিত খবর