চাঁদপুরে বিএনপির নেতার বাসা ও অফিসে ভাংচুর

মহসীন হোসাইন : চাঁদপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের গাড়িসহ বাসা ও অফিসের ভাংচুর করা হয়েছে ।

এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১০ জন। খোদ সাংবাদিকদের কাছে এ দাবী করেন আজম খান ।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বেলা ১১ টা ৫৫ মিনিটের সময় চাঁদপুর শহরে এ ঘটনা ঘটে । এ সময় চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ের সিংহ পাড়া এলাকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাসা ও অফিস এবং গাড়ি ভাংচুর করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ।

অনেক নেতাকর্মী প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন। হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। রক্তাক্ত জখমসহ আহতদের তিনজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন : ফরিদ (৪৫), পিতা: সুজন মিয়াজী (মাথায় চারটি সেলাই লাগে), ফারুক গাজী (২৮), পিতা: আলী গাজী, হাইমচর ও আকাশ খান জিতু (৪৭) পিতা: হারেজ খান গ্রাম: ধনপদ্দি, পোস্ট, মুন্সিরহাট, থানা: চাঁদপুর।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, বিএনপির আজম খানের একটি মিটিং হাসান আলী হাই স্কুল মাঠে হবার কথা ছিলো। এই মিটিংয়ের প্রস্তুতিকে কেন্দ্র করে তার অফিস ও বাসা ভাংচুর করা হয়েছে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স সহ আমরা ঘটনাস্থলে যাই এবং উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আমাদের আসার পরপর খবর পেয়ে যৌথ বাহিনীও সেখানে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সন্দেহভাজন কয়েকজনকে আটক করলেও তারা পথচারী বলে যাচাই-বাছাইয়ে ছেড়ে দেওয়া হয়।

এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি। আজম খান ফেসবুকে ভিডিওতে বলেন, আমার দলের লোকজনই আমার ওপর হামলা করেছে, আমি তাদের বিরুদ্ধে থানায় মামলা বা অভিযোগ করবো না। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে জানাবো। উল্লেখিত ঘটনায় পুরো চাঁদপুর শহরে থমথমে অবস্থা বিরাজ করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় কোনো অভিযোগ বা মামলা করেনি বলে থানা সূত্রে জানা যায়।

সম্পর্কিত খবর