নেত্রকোনার ডিসি হলেন চাঁদপুরের সাবেক এডিসি আবদুল্লাহ আল মাহমুদ জামান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক বর্তমানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) জনবান্ধন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণা জেলার জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল মাহমুদ জামান কে নেত্রকোনা জেলার জেলা প্রশাসক পদে পদোন্নতি দেওয়া হয়। জানা গেছে, ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের জন্ম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ভূতাইল গ্রামে।

বাবা মো. হারুন-অর-রশিদ ও মা রেনুআরা বেগমের বড় সন্তান তিনি। দেশের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক। প্রশাসন ক্যাডারে চাকরি শুরুর আগে তিনি ২৬তম বিসিএসে (শিক্ষা ক্যাডার) যোগ দিয়ে বিভিন্ন কলেজে শিক্ষক হিসেবেও কাজ করেন।

সর্বশেষ তিনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে, চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নেত্রকোনা জেলার জেলা প্রশাসক পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সম্পর্কিত খবর