
মহসিন হোসাইন : চাঁদপুরে জীবিকা প্রকল্প-৩ এর সমাপনী অনুষ্ঠান ও মডেল স্কেল-আপ প্রস্তাবনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় বাবুরহাট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ইউনুস খান অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।
ড. আবদুল মজিদ বলেন, জীবিকা প্রকল্প কোনো দান নয়, এটি অধিকারভিত্তিক উদ্যোগ। যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার সঠিক প্রয়োগের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, মানবিক উন্নয়ন ও টেকসই জীবিকার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তিনি পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে ড. সবুর খান বলেন, আল্লাহ তখনই সাহায্য করেন, যখন মানুষ নিজে থেকে চেষ্টা করে। সুদবিহীন ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়া পরিবারগুলো সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের সন্তানদের সুশিক্ষিত করে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এসময় তিনি বলেন, ২০১৫ সালের মার্চ মাসে যাত্রা শুরু করা জীবিকা প্রকল্প-৩ ইতোমধ্যে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর, আশিকাটি, মৈশাদী, তরপুরচণ্ডী ইউনিয়ন এবং পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে প্রায় ১২ হাজার সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করেছে। প্রকল্পের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরে তিনি বলেন, ৫ কোটি টাকার মূলধনের বিপরীতে ঘূর্ণায়মান তহবিল দাঁড়িয়েছে ১৮৩.৯ কোটিতে, যার মাধ্যমে ২,৫০০ পরিবারকে টেকসই জীবিকার সুযোগ দেওয়া হয়েছে।

এছাড়াও ৬,৯০৫টি বিনিয়োগের মাধ্যমে ৮০% পরিবার কর্মসংস্থানে যুক্ত এবং ৫৬% পরিবার টেকসই আয়ের সুযোগ পেয়েছে। এতে করে ৪৭% পরিবার মাসিক ১৫-২৫ হাজার টাকা আয় করে নিম্ন আয়ের স্তর থেকে মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত হয়েছে। এই পরিবারগুলোর মোট সঞ্চয় দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ টাকা। যা কোভিড-১৯ কালে ১,১৫০ পরিবারকে খাদ্য ও রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে। এদের মধ্যে ১৯,১৩৮ জন নারী ও কিশোরী জীবনদক্ষতা প্রশিক্ষণ পেয়েছে।
তিনি বলেন, ইউনুস খান স্বাস্থ্যকেন্দ্র থেকে ১৫,৯৪০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন। ৭টি কুরআন শিক্ষা কেন্দ্রে ২৬৮ শিশু ধর্মীয় শিক্ষায় যুক্ত হয়েছে। জরুরি অপারেশনাল সহায়তায় ৮৫ জনকে ১২.৩৮ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। ২৭৮ শিক্ষার্থী মাসিক বৃত্তি পেয়েছে, বর্তমানে ৯১ জন শিক্ষার্থী নিয়মিত বৃত্তি পাচ্ছে।
এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে জীবিকা চাঁদপুর প্রকল্পকে জাতীয় মডেল হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি আরও ১,২০০ পরিবারকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে জীবিকা প্রকল্প সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলসুমা বেগম, পাহাড়িকা দলের সদস্য সিদ্দিকুর রহমান মাল, শাহিদা বেগম এবং মেধাবী শিক্ষার্থী আদনান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর, চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, জীবিকা প্রকল্পের সদস্যগণসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক মাওলানা মোঃ কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মোঃ আশ্বাদ উল্লাহ্। অনুষ্ঠানে প্রকল্পের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়। শেষে সভাপতি ও অতিথিবৃন্দ উদ্যোক্তাদের বিভিন্ন শিল্পকর্মের প্রদর্শনী ঘুরে দেখেন।




