
চাঁদপুর খবর রির্পোট: কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের সকল কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে নাগরিকদের অভিযোগ ও মতামত গ্রহণ করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১আগস্ট (বৃহস্পতিবার) এ গণশুনানি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
গণশুনানিতে উক্ত এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, জলদস্যু দমন, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধভাবে বালু উত্তোলন ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।
এসময় স্থানীয় জনগণ ও জেলেদের কাছ থেকে অভিযোগ ও মতামত গ্রহণ করে তাদের অভিযোগ ও সমস্যার প্রেক্ষিতে কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
উক্ত গণশুনানিতে নৌ পুলিশ, থানা পুলিশ, বিআইডব্লিউটিএ, জেলা মৎস্যজীবী সমিতি, জেলেদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।




