
চাঁদপুরের হাজীগঞ্জে গরুর গলার শিকল কেটে দিনমজুরের ৪ লাখ টাকার তিনটি গরু নিয়ে গেছে চোরের দল।
বসতঘরের দরজার শিকল আটকে রেখে গরুর গলার শিকল কেটে দিনমজুরের তিনটি গরু নিয়ে গেছে চোরের দল। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫ ) রাতে হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের বাকিলা গ্রামের মুন্সী বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে। হোসেন মুন্সীর স্ত্রী রাজিয়া বেগম বলেন, রাত আড়াইটার দিকে আমি উঠে গরুর ঘরে এসে কয়েল জ্বালিয়ে খাবার দিয়ে গেছি।
পরে ফজরের নামাজের জন্য স্বামী ঘরের দরজা খুলতে গিয়ে দেখে বাইরে থেকে দরজার শিকল লাগানো। তাৎক্ষণিক আমি জানালা খুলে দেখি গোয়াল ঘরে গরু নেই। ইউপি সদস্য মো: মানিক মিয়া বলেন, আমি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছি। পরিবারটির বড় ক্ষতি হয়ে গেল।
এই তিনটি গরু ছিল তাদের একমাত্র সম্বল। গরুগুলো চোরের দল নিয়ে যাওয়ায় তাঁরা নিঃস্ব হওয়ার পথে। ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিলন বলেন, পরিবারটি আমাকে ঘটনা জানিয়েছে। তাঁদের আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে তাদের অফুরন্ত ক্ষতি হয়েছে।




