
মতলব উত্তর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমাকে বিদায় সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী মতলব উত্তর প্রেসক্লাব।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমির) কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ শুভেচ্ছায় জানিয়ে সিক্ত করেন তাকে।
উল্লেখ্য, হিল্লোল চাকমা (১৩ জুন ২০২৪) মতলব উত্তরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নানা উন্নয়নমূলক কার্যক্রম ও সংস্কারকাজ করেন। অনিয়মের বিষয়ে ছিলেন সোচ্চার।
সম্প্রতি বদলির আদেশে তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় যোগদানের প্রস্তুতি নিচ্ছেন। বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিদায়ী এসিল্যান্ড তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি অল্প সময়ের জন্য মতলব উত্তরে দায়িত্ব পালন করেছি।
এ সময়ের মধ্যে জনগণের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কিছু কাজ শুরু করেছি, যদিও সময়ের সীমাবদ্ধতার কারণে সব কাজ শেষ করতে পারিনি। তবে আমি বিশ্বাস করি, আপনারা সেই কাজগুলো আগামীতেও এগিয়ে নেবেন। সাংবাদিকরা সবসময় উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখেন, তাই আপনাদের সঙ্গে এই সম্পর্ক আমি আজীবন লালন করব।”
সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান। এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান শিবলু ও সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানা, কার্যকরী সদস্য মো. শাহিন আলমসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বিদায়ী এসিল্যান্ড হিল্লোল চাকমার দায়িত্বশীলতা, নিষ্ঠা ও মানবিক ভূমিকার প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা বলেন, “মতলব উত্তরের মানুষ তার কর্মকালীন সময়ে একজন সৎ, দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তাকে পেয়েছিল। তার আন্তরিকতা স্মরণীয় হয়ে থাকবে।” অনুষ্ঠান শেষে ক্রেস্ট দিয়ে বিদায়ী এসিল্যান্ডের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ স্মৃতিচারণা করেন।




