জনবান্ধব কর্মকতা চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁনের বিদায়

চাঁদপুর খবর রিপোর্ট : আজ বুধবার (২০ আগস্ট ২০২৫খি.) চাঁদপুর সদর উপজেলা থেকে বিদায় নিচ্ছেন জনবান্ধব সদর এসিল্যান্ড আল এমরান খাঁন।

তিনি চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

২০২৪ সালের ১৪ মে তিনি চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি চাঁদপুর সদর উপজেলা মানুষের জন্য আপন মানুষ ভেবে কাজ করেছেন। এছাড়াও সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এর আগে তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পাশাপাশি ছেংগারচর পৌরসভার প্রশাসক হিসেবেও দীর্ঘদিন সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন। একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি ভূমি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় সরাসরি জনগণের সঙ্গে কাজ করে জনবান্ধব হয়ে উঠেছেন।অনলাইনে জমির মালিকানা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ নানা বিষয়ে সেবা দেয়া সুনাম কুড়িয়েছেন। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলায়। তিনি ৩৭তম বিসিএস এ সরকারি চাকুরীতে যোগদান করেন।

এর আগে তিনি পিরোজপুর জেলা প্রশাসনের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চাঁদপুর সদরের বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান গতকাল দৈনিক চাঁদপুর খবরকে বলেন, চাঁদপুর পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তাদের সরকারি নির্দেশ মোতাবেক যাতে জনগণের দৌড়গোড়ায় সেবা সহজীকরণ করা যায় সেই দিকে তিনি লক্ষ্য রেখে কাজ করেছি। অনলাইনে জমির মালিকানা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ নানা বিষয়ে সেবা প্রদান করেছি । সেবা গ্রহীতাদের যাতে কোন প্রকার দুভোর্গ না হয় সেদিকে লক্ষ্য রেখেছি এবং নিয়মিত অফিস করেছি । বিদায় বেলায় তিনি বলেন চাঁদপুর সদরের কর্মরত অবস্থায় সহকর্মী, সাংবাদিক ,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহযোগীতা ও ভালোবাসা পেয়েছি।

এদিকে চাঁদপুর সদর এসিল্যান্ড মো. আল এমরান খাঁনকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অধীন পদায়ন করা হয়েছে। সারাদেশে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন দায়িত্বে পদায়ন করেছে সরকার।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রত্যাহার করা কর্মকর্তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এই পরিবর্তন প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা বৃদ্ধি এবং মেধা ও অভিজ্ঞতার সুষম বণ্টনের লক্ষ্যেই করা হয়েছে।

 

সম্পর্কিত খবর