
মহসিন হোসাইন : চাঁদপুর শহরের ২নং আশিকাটি ইউনিয়নের কালি ভাংতী এলাকার দাস বাড়ির সামনে গতকাল সোমবার (১৮ আগস্ট ২০২৫খ্রি.) রাত ৯ টার দিকে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় সিএনজি চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত সিএনজি চালক বাপ্পি খান (৩২), পিতা- রুহুল আমিন খান, কান্তার খাঁ বাড়ি, ৫ নং ওয়ার্ড আশিকাটি ইউনিয়নের বাসিন্দা সে। স্থানীয়রা জানান, নিহত চালক বাপ্পি’র দুই সন্তান ও স্ত্রী রয়েছে। তারা জানান, চালক বাপ্পী বিপরীত দিক থেকে আসার সময় অন্ধকারে সিএনজি চালিয়ে যাচ্ছেন এমন সময় রাস্তায় থাকা ইটের উপর দিয়ে সিএনজি উঠে গেলে গাড়িটি তাৎক্ষণিক খালের নিচে পড়ে যায়।
তখন চালক বাপ্পি নিজের জীবন বাঁচানোর জন্য দ্রুত গতিতে গাড়ি থেকে লাফ দিলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে তাৎক্ষণিক মৃত্যু বরণ করেন। পরে স্থানীয়রা চাঁদপুর সদর মডেল থানায় ফোন করে বিষয়টি জানালে পুলিশ গিয়ে লাশ নিয়ে আসে। অপরদিকে ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে পাওয়া যায়নি। তবে ট্রাকটি আটক অবস্থায় রাখা হয়েছে থানা হেফাজতে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া জানান, লাশ হাসপাতালের মর্গে নিয়ে আসা হচ্ছে। ময়না তদন্তের পর লাশ মৃত বাপ্পির পরিবারের নিকট হস্তান্তর করা হবে।




