চাঁদপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে আইনজীবীর মাধ্যমে নোটিশ

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাফানিয়া গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় ফখরুল মিজি ও তার বোন তাসলিমা বেগমের পক্ষে চাঁদপুর জজকোর্টের অ্যাডভোকেট এইচ এম হেলাল উদ্দিন লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন।

নোটিশে উল্লেখ করা হয়, তাদের দাদা মিজানুর রহমান মিজির মৃত্যুর পর তার ৬ ছেলে এবং মৃত ছেলে তাফাজ্জল মিজির সন্তান (ফখরুল ও তাসলিমা) আইন অনুযায়ী ওয়ারিশ হন।

মুসলিম পারিবারিক আইন ১৯৬১ ও ফারায়েজ অনুযায়ী মৃত সন্তানের সন্তানরা প্রতিনিধিত্বমূলক হারে সম্পত্তির অংশীদার হওয়ার কথা বলা হয়েছে।

নোটিশে দাবি করা হয়, মৃত তাফাজ্জল মিজির রেখে যাওয়া সম্পত্তির অংশ হিসেবে ফখরুল মিজিকে তার পিতার প্রাইভেট কার বিক্রির টাকা, পোস্ট অফিসে জমাকৃত সঞ্চয়ের অংশ (বর্তমানে আনুমানিক ৭-৮ লাখ টাকা), অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের অংশ (প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা) এবং অবশিষ্ট পৈতৃক ভূমির যথাযথ অংশ প্রদান করতে হবে।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়, উক্ত সম্পত্তি মোটামুটি ১ একর (১০০ শতাংশ) ভূমি অনুমান করে বণ্টনযোগ্য। প্রাপকরা নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে পাওনা বুঝিয়ে না দিলে, নোটিশদাতাগণ আদালতের আশ্রয় নিতে বাধ্য হবেন।

এ ঘটনায় স্থানীয় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। নোটিশের একটি কপি ভবিষ্যৎ আইনগত পদক্ষেপের জন্য আইনজীবীর সেরেস্তায় সংরক্ষণ করা হয়েছে।

সম্পর্কিত খবর