চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা সম্পন্ন

মহসিন হোসাইন : চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা সম্পন্ন হয়েছে। গতকাল (১৭ আগস্ট) রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এজেন্ডা বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

ডিসি মোহসীন উদ্দিন বলেন, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত দৃশ্যমান হতে হবে। বিশেষ করে সদর পৌরসভার পুরনো কাজগুলো যেমন ডাক বাংলো সংস্কার, ড্রেনের কাজ, রাস্তা মেরামতসহ ছোটখাটো অবকাঠামো দ্রুত শেষ করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, যেসব কাজ ২-৩ মাসের মধ্যে শেষ হওয়ার কথা, ঠিকাদাররা তা দীর্ঘসূত্রতা করলে অতিরিক্ত সময় দেয়া হবে না।

এছাড়া জেলা প্রশাসক স্বাস্থ্য খাতের সমস্যা দ্রুত সমাধানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সিভিল সার্জনকে বিশেষভাবে নজর দিতে নির্দেশ দেন। স্বাস্থ্য খাতে বিশেষ নজর দিতে বলেন তিনি। ডিসি বলেন, পুরনো প্রকল্পগুলো আগে বাস্তবায়ন করা হোক, পরে নতুন প্রকল্প হাতে নেয়া হবে। এর মধ্যে লঞ্চঘাট রাস্তাটির সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা ও কুকুরের ভ্যাকসিন কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশ দেন তিনি।

সভায় বক্তব্য রাখেন, ডিডিএলজি ও পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, সিভিল সার্জন ডাঃ নূর আলম দ্বীন, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, এনএসআই যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ, মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার নূরুল্লাহ, গণপূর্ত অধিদপ্তরের উপপরিচালক নাছিম আহমেদ টিটো, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক আবু মূসা মোহাম্মদ ফয়সাল,

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকতসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত খবর