
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা কার্যালয়ে এনসিপি’র আয়োজিত ডিজে পার্টিতে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিতর্কের জেরে যুবদলের হামলায় একজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে শহরের আ.লীগ জেলা কার্যালয়ে। আহত আল আমিন সায়েম (২৪), একজন বৈষ্যম্য বিরোধী শিক্ষার্থী এবং শহরের ইসলামপুর গাছতলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের ওসিসি’তে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আনিছুর রহমান জানান, আল আমিনের মাথায় সেলাই লেগেছে এবং তিনি পর্যবেক্ষণে আছেন। আহতের ভাষ্য, সন্ধ্যা থেকে এনসিপি, বৈষম্যবিরোধী শিক্ষার্থী মিলে ওই অফিসে ডিজে পার্টি চলছিল।
রাত ১১টার দিকে যুবদলের ও ছাত্রদলের কয়েকজন এসে তাদের উদ্দেশে প্রশ্ন তোলে ‘জয় বাংলা’ স্লোগান কেন দেওয়া হচ্ছে? এরপর হামলা চালিয়ে সাউন্ড সিস্টেমসহ বঙ্গবন্ধুর টানানো ভাঙা ছবি পূণরায় ভাঙচুর করে। হামলাকারীদের মধ্যে যুবদলকর্মী পারভেজ ও সেলিম তার মাথায় আঘাত করে বলে দাবি আল আমিনের।
আল আমিনের দাবি, তারা কোনো ‘জয় বাংলা’ স্লোগান দেননি বরং আ.লীগের অতীত কর্মকাণ্ড স্মরণ করিয়ে দেওয়া ও প্রতিবাদের অংশ হিসেবেই অনুষ্ঠানটি ছিল।
এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড:সলিম উল্লাহ সেলিম জানান, ঘটনাস্থলে গিয়েছি । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য সবাইকে শান্ত থাকার বলেছি । খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া, ওসি তদন্ত মিন্টু দত্ত আর সেকেন্ড অফিসার ফেরদৌস দ্রুত ফোর্স নিয়ে সেখানে পৌঁছান।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, ঘটনার পর তিনি ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের মধ্যে সমঝোতা করেন। একজন আহত হয়েছেন বলে তিনি জেনেছেন, তবে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি আইনি পর্যবেক্ষণে রয়েছে।




