
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর মেঘনা নদীতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে জাহাজের ১৩ জনকে অচেত করে লাইটার জাহাজ থেকে ১৩ কোটি টাকার চিনি চুরির চেষ্টা করে চোরাকারবারিরা।
শেষ মুহূর্তে নৌ পুলিশের তৎপরতায় চিনি উদ্ধার করে জাহাজের মাস্টারসহ আটক ৮ করা হয়। গত (৫ আগস্ট ২০২৫খ্রি.) হরিণা ফেরীঘাট মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনার মূল জড়িত মাফিয়া মজিবুর রহমান মঞ্জিল বলে জানা গেছে।
চট্টগ্রাম থেকে আসা এমভি সীওয়েস্টিন-১ নামের জাহাজে ছিল ১২০০ টন চিনি। পরিকল্পনা অনুযায়ী, খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে জাহাজের ১৩ জনকে অচেতন করা হয়। সেই সুযোগে নদীপথে শুরু হয় চিনি নামানোর কাজ। খবর পেয়ে জাহাজ মালিক দ্রুত নৌ পুলিশকে জানালে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন জাহাজের মাস্টার আয়ুব মৃধা। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে মেহেদী হাসান মুন্না, আতিকুর, নুর জামান, বাচ্চু বেপারী, মানিক হাওলাদার, মো. শরিফ মির্জা ও মজিবুর রহমান সর্দারকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। পুলিশ জানায়, প্রথমে বাচ্চু বেপারী নামের এক ব্যক্তি পার্টি নিয়ে জাহাজ থেকে চিনি নামানোর চেষ্টা করে।
পরে সেই মালামাল দ্বিতীয় পক্ষের কাছে বিক্রি করার প্রস্তুতি চলছিল। কিন্তু পুলিশের অভিযানে পুরো পরিকল্পনা ভেস্তে যায়।
ঘটনার পর সনু কুমার ত্রিপুরা থানায় মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম থেকে আনা চিনি মূলত নরসিংদী চিনিকল ও মুন্সীগঞ্জে নামানোর কথা ছিল। কিন্তু পথিমধ্যেই এ চক্র খাবারে মাদক মিশিয়ে জাহাজের সবাইকে অচেতন করে ফেলে। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে চাঁদপুরের আরও কিছু প্রভাবশালী চোরাকারবারি জড়িত থাকতে পারে। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।




