
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদরের ভাটেরগাঁও গ্রামে নির্মাণাধীন বাড়ির ওপর রডের সঙ্গে ঝুলে ছিল ১৭ বছরের তরুণের নিথর দেহ। কেউ বলে আত্মহত্যা আবার কেউ বলে দুর্ঘটনা। এদিকে নিহতের মায়ের অভিযোগ মৃত্যুর পেছনে লুকিয়ে আছে প্রতারণা ও নির্যাতনের গল্প। নিহত মোস্তাকিন, বরগুনার তালতলীর ছেলে।
আট মাস ধরে চাঁদপুরে ডিপ টিউবওয়েলের কাজে শ্রম দিচ্ছিল ঠিকাদার আবু সালে মোল্লা। পরিবার জানায়, প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এক মাসেরও বেতন দেয়নি ওই ঠিকাদার।
টাকার জন্য আগে থেকেই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। এক সপ্তাহ আগে, ঠিকাদার তাকে নতুন কাজের জন্য নিয়ে আসে চাঁদপুর। প্রতিদিন সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করত সে, কিন্তু বেতন হাতে আসেনি। মায়ের দাবি টাকা চাওয়ায় ঠিকাদারের সঙ্গে ফের তর্ক হয়, সেই তর্কেই ছেলের প্রাণ কেড়ে নেয়। তিনি অভিযোগ করেন, ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই স্বপন নন্দী সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। রডের সঙ্গে বাঁধা রশি কেটে নামানো হয় দেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে।
ঠিকাদার আবু সালে মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। পুলিশ বলছে-মোস্তাকিনের মৃত্যু স্বাভাবিক নয়।
এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না। তবে তারা জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




